ফুটবল
প্রধান খবর

অবসর ভেঙে বিশ্বকাপে নয়্যার, বড় চমক রেখে জার্মানির দল ঘোষণা

সব গুঞ্জন সত্যি করে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, কোচ জুলিয়ান নাগেলসমানের অনুরোধে এবং দলের প্রয়োজনে অবসর ভেঙে আসন্ন বিশ্বকাপের জন্য জার্মানির ২৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

আজ ফ্রাঙ্কফুর্টে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ নাগেলসমান। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারের আসরে থাকছেন কেবল নয়্যারই।

সংবাদ সম্মেলনে নয়্যারের অন্তর্ভুক্তি নিয়ে নাগেলসমান বলেন, “মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবার জানা। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।” মূলত অভিজ্ঞতার ওপর আস্থা রেখেই এই বর্ষীয়ান গোলরক্ষককে ফিরিয়ে এনেছেন তিনি।

নয়্যার দলে ফিরলেও নেতৃত্বের আর্মব্যান্ড থাকছে জশুয়া কিমিখের হাতেই। দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্ল। এ ছাড়াও লিভারপুলের ফ্লোরিয়ান উইভার্টজ এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জার্মানির প্রতিনিধিত্ব করবেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা এবং লিরয় সানে।

দল ঘোষণায় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাগেলসমান। ফর্ম ও কৌশলের কারণে জায়গা হয়নি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের। অন্যদিকে চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন সার্জ নাবরি ও নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

আগামী ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের পঞ্চম শিরোপার অভিযান শুরু করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

একনজরে জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ দল:

  • গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল।
  • ডিফেন্ডার: জশুয়া কিমিখ (অধিনায়ক), নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও।
  • মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস।
  • ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।

এই বিভাগের অন্য খবর

Back to top button