
ব্রাজিল জাতীয় ফুটবল দলে ‘১০ নম্বর’ জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি ঐতিহ্য, মর্যাদা ও নেতৃত্বের প্রতীক। এই জার্সি পরেই ইতিহাস গড়েছেন পেলে, জিকো ও রোনালদিনিওর মতো কিংবদন্তিরা।
পরবর্তীতে ব্রাজিলের এই ঐতিহ্যবাহী জার্সিটি ওঠে নেইমারের গায়ে। দীর্ঘ সময় ধরে ব্রাজিল দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি।
তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর বিভিন্ন সময়ে এই জার্সি পরেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর আবারও আলোচনা শুরু হয়-ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি এবার কার গায়ে উঠবে? গুঞ্জন ছিল, হয়তো নেইমারের পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়রই এই জার্সি ধরে রাখবেন।
তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার জানিয়েছেন, ‘১০ নম্বর’ জার্সি একমাত্র নেইমারেরই প্রাপ্য।
ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল ‘কেইয টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন,
“আমি এখনো জানি না বিশ্বকাপে আমার জার্সি নম্বর কী হবে, তবে ১০ নম্বর জার্সি নেইমারেরই। এটা তো স্পষ্ট।”
২০২২-২৩ মৌসুম থেকে বিভিন্ন সময়ে ব্রাজিল দলে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ভিনিসিয়ুস। বিশেষ করে নেইমারের অনুপস্থিতিতে তাঁকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করতে দেখা গেছে।
তবে নেইমার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেললে, ভিনিসিয়ুস সম্ভবত আবারও নিজের পরিচিত ৭ নম্বর জার্সিতেই ফিরবেন।
