
দাপুটে এক জয়ে ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি শুরু করল ব্রাজিল। সোমবার (১ জুন) মারাকানা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক ছাড়া একসঙ্গে ১০ খেলোয়াড় বদলে বড় চমক দেখান কোচ কার্লো আনচেলত্তি। তার এই কৌশলেই রীতিমতো ভেঙে পড়ে পানামার রক্ষণভাগ।
কানায় কানায় পূর্ণ মারাকানায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ভিনিসিউস জুনিয়র-এর দুর্দান্ত শটে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ১৪তম মিনিটে কুইয়ারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবারও লিড নেয় ব্রাজিল। ৩৯তম মিনিটে ভিনিসিউসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন কাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধেই ম্যাচের আসল রোমাঞ্চ দেখা যায়। আনচেলত্তির একসঙ্গে ১০ পরিবর্তনের পর মাঠে যেন ঝড় তোলে ব্রাজিল।
৫৩তম মিনিটে তরুণ খেলোয়াড় হায়ান গোল করে ব্যবধান বাড়ান। এরপর ৬০ মিনিটে গোল করেন লুকাস পাকেতা। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে থিয়াগোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।
এরপরও আক্রমণ থামায়নি ব্রাজিল। ৮১তম মিনিটে পাকেতার পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন দানিলো সান্তোস।
ম্যাচের ৮৪তম মিনিটে দূরপাল্লার শটে পানামার হয়ে ব্যবধান কমান কারলোস হারভে। তবে সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।
আগামী রোববার (৭ জুন) প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিসর। এরপর ১৪ জুন মরোক্কো -এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের ‘হেক্সা’ মিশন।
