ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপে নেইমারকে নিয়ে নতুন দুশ্চিন্তায় ব্রাজিল

চোটের কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে নেইমারের খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাকে দলে রেখেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলের এই তারকা ফুটবলারের।

সম্প্রতি মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। চোটের কারণে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবে গ্যালারিতে বসে দলের খেলা দেখেছেন তিনি।

মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নকআউট পর্ব শুরুর আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। ৩৪ বছর বয়সী এই তারকা এখনো দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাও পুনরায় করানো হয়েছে।

আগামী ২০ জুন বোস্টনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন মায়ামিতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই দুই ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম।

চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, তিনি এখনো গ্রেড-২ পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পুনরায় করা মেডিকেল পরীক্ষার ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। পরদিনই বিশ্বকাপের দল ঘোষণা করা হলেও এরপর আর অনুশীলনে ফিরতে পারেননি তিনি।

মরক্কোর বিপক্ষে ড্র করার পর ‘সি’ গ্রুপে ব্রাজিলের অবস্থান তৃতীয়। তাদের সংগ্রহ ১ পয়েন্ট। সমান ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড এবং এখনো কোনো পয়েন্ট পায়নি হাইতি।

ব্রাজিল শিবিরের আশা, গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব শুরুর আগেই নেইমারকে পুরোপুরি সুস্থ করে তোলা যাবে। তবে তার অনুপস্থিতি বিশ্বকাপের শুরুতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button