
২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুতেই চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের এই তারকা ফুটবলার।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার অনুষ্ঠিত ব্রাজিল দলের অনুশীলনে শুরুতে আলাদাভাবে ওয়ার্ম-আপ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে দলের সঙ্গে কয়েকটি ড্রিলেও অংশ নিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আগে পাওয়া কাফের চোট কাটিয়ে দলে ফেরার পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার তিনি প্রথমবারের মতো মাঠে নেমে বল নিয়ে অনুশীলন করেন। আর বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে প্রত্যাবর্তনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
তবে শনিবার হাইতির বিপক্ষে ম্যাচে নেইমার খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। তারা তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে চায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ভালো ফল করা দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে নেইমারের অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।
এর আগে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলের হয়ে মাঠে নামতে পারবেন তাদের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা।