ফুটবল
প্রধান খবর

রাফিনিয়া ছিটকে গেলে কী হবে? কি বলছে ফিফার নিয়ম

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের আনন্দের মাঝেও বড় দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও শিবির। দলের অন্যতম ভরসা রাফিনিয়া ম্যাচ চলাকালেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের ৪০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। চিকিৎসকদের সহায়তায় মাঠ ত্যাগ করার সময় চোখের পানি মুছতে দেখা যায় তাকে। সেই দৃশ্যই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিল সমর্থকদের।

ডাগআউটে ফিরে দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে কথা বলেন রাফিনিয়া। পরে তাকে সান্ত্বনা দেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ডান ঊরুতে হাত দিয়ে ব্যথা অনুভব করতে দেখা যাওয়ায় চোটের মাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, চোট গুরুতর হলে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন রাফিনিয়া। আর সেটি হলে বড় সমস্যায় পড়বে ব্রাজিল। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরুর পর আর কোনো আউটফিল্ড খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ নেই।

ফিফার নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ১২ জুন পর্যন্ত দলগুলো চোটগ্রস্ত খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারত। এমনকি প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্তও পরিবর্তনের সুযোগ ছিল। কিন্তু ব্রাজিল ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচ খেলায় সেই সুযোগ আর নেই।

তবে গোলরক্ষকদের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। কোনো গোলরক্ষক টুর্নামেন্ট চলাকালে গুরুতর চোটে পড়লে তার পরিবর্তে নতুন গোলরক্ষক নেওয়ার অনুমতি দেয় ফিফা। কিন্তু অন্য পজিশনের খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রাফিনিয়া। সেই চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরলেও হাইতির বিপক্ষে আবারও চোটে পড়লেন তিনি। তার পরিবর্তে ম্যাচের ৪০ মিনিটে রায়ানকে মাঠে নামান কোচ আনচেলত্তি।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তবে এখন ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার নাম-রাফিনিয়ার চোট।

এই বিভাগের অন্য খবর

Back to top button