
ফুটবল বিশ্বে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে আলোচনা যেন থামছেই না। মাঠের বাইরে যেমন তাকে নিয়ে সমালোচনা চলছে, তেমনি মাঠের ভেতরে তিনি ছুঁতে যাচ্ছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলক। সোমবার (২২ জুন) ইরাকের বিপক্ষে মাঠে নামলেই ফ্রান্সের জার্সিতে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন এই ফরাসি তারকা।
মাত্র ২৭ বছর বয়সে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়তে যাচ্ছেন এমবাপ্পে। ফ্রান্সের ফুটবল ইতিহাসে এর আগে মাত্র ৯ জন খেলোয়াড় এই মাইলফলক স্পর্শ করেছেন। তবে এত কম বয়সে শততম ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই। ২০০৭ সালে প্যাট্রিক ভিয়েরা যখন নিজের ১০০তম ম্যাচ খেলেছিলেন, তখন তার বয়স ছিল ৩০ বছর। সেই রেকর্ড ভেঙে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘সেঞ্চুরিয়ান’ হতে যাচ্ছেন এমবাপ্পে।
বিশ্বকাপ মঞ্চেও ইতোমধ্যেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ফাইনালে গোল করে পেলের পর দ্বিতীয় কিশোর ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন। সেই আসরে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এরপর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করেন এমবাপ্পে। জিওফ হার্স্টের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নেন।
চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে তিনি ইতোমধ্যে ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্তেইনকে ছাড়িয়ে গেছেন এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ১৪ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আর মাত্র তিনটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি।
তবে ‘সর্বকালের সেরা’ হওয়ার বিতর্কে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। বিশ্বকাপে প্রতি ম্যাচে গোলের গড়ে এমবাপ্পে এখনো গার্ড মুলার, ইউসেবিও কিংবা জাস্ট ফন্তেইনের চেয়ে পিছিয়ে। অন্যদিকে পেলের তিনটি বিশ্বকাপ শিরোপার তুলনায় তার ঝুলিতে রয়েছে মাত্র একটি ট্রফি।
এছাড়া বিশ্বকাপে লিওনেল মেসির ৮টি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের অ্যাসিস্ট সংখ্যা মাত্র ৩। আবার ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা যেভাবে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন, সেই ধরনের আধিপত্যও এখনো এমবাপ্পের ক্যারিয়ারে দেখা যায়নি।
তবুও বয়স, পরিসংখ্যান এবং ধারাবাহিকতা-সব মিলিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছেন এমবাপ্পে। আর ইরাকের বিপক্ষে শততম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার মাধ্যমে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি গৌরবময় অধ্যায়।
তথ্যসূত্র: যমুনা টিভি