ফুটবল
প্রধান খবর

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড।

এই ম্যাচের পর বিশ্বকাপে এমবাপ্পের সরাসরি গোল অবদান দাঁড়িয়েছে ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী ফুটবলার হয়েছেন। তার ওপরে রয়েছেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি।

বিশ্বকাপের ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের রেকর্ডটি মেসির দখলে। এবারের আসরে দুই ম্যাচে ৫ গোল করা আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপে মোট অবদান এখন ২৭টি, যার মধ্যে রয়েছে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট।

২০টি গোল অবদান নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এমবাপ্পে। আর ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন ব্রাজিলের পেলে (১২ গোল, ৭ অ্যাসিস্ট), জার্মানির গার্ড মুলার (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল, ৪ অ্যাসিস্ট) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬ গোল, ৩ অ্যাসিস্ট)।

শুধু রেকর্ড গড়াই নয়, চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও আছেন এমবাপ্পে। চার গোল নিয়ে তিনি অবস্থান করছেন মেসির ঠিক পেছনে। চার গোল করে এই লড়াইয়ে রয়েছেন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে এবং ভিনিসিউস জুনিয়রও।

টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি। তাই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত লড়াইগুলোর একটি-মেসি ও এমবাপ্পের রেকর্ডের এই প্রতিদ্বন্দ্বিতা-আরও জমে উঠবে বলেই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button