ফুটবল
প্রধান খবর

হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, ‘মিশন হেক্সা’ স্বপ্ন শেষ

কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ভাইকিংদের জয়ের নায়ক আর্লিং হালান্ড, যিনি করেছেন জোড়া গোল। এই হারে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোর গণ্ডিতেই বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই সঙ্গে শেষ হলো সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন, ‘মিশন হেক্সা’র আরেকটি অভিযান।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। সুযোগও তৈরি করেছিল তারা। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। তবে তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

৪০তম মিনিটে আবারও ব্রাজিলকে হতাশ করেন নিল্যান্ড। বক্সের মধ্যে মার্টিন ওডেগার্ড বল হারানোর পর ভিনিসিউস জুনিয়রের জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় উভয় দল। তবে শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারছিল না কেউই।

ম্যাচের ৭০তম মিনিটে পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে মাঠে নামানো হয় নেইমার জুনিয়র ও দানিলোকে।

অন্যদিকে নরওয়েও দুটি পরিবর্তন আনে। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব এবং আন্দ্রেয়াস শেলদেরুপ।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে আবারও ব্রাজিলের রক্ষণভাগকে পরাস্ত করে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন হালান্ড।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণ চালালেও নরওয়ের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল।

অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন নেইমার জুনিয়র। তবে সেই গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নরওয়ে। শেষ আটে তারা মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button