ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপ থেকে কোন দল কত টাকা পাচ্ছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে দলটি পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ৬১৫ কোটি টাকা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের বিশ্বকাপের পর্দা নেমেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের আসরে অর্থ পুরস্কারেও ছিল বড় চমক। চ্যাম্পিয়ন থেকে শুরু করে অংশগ্রহণকারী প্রতিটি দলই পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের প্রাইজমানি।

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগে মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। সংস্থাটি জানায়, অংশগ্রহণকারী কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট পরে স্পেন।

রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৩ কোটি টাকা।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১৮৪ কোটি টাকা।

অন্যদিকে শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের প্রাইজমানি ১ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ কোটি টাকা।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে ৯০ লাখ মার্কিন ডলারের (প্রায় ১১০ কোটি টাকা) সান্ত্বনা পুরস্কার।

এ ছাড়া বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দলকে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার করে দিয়েছে ফিফা।

এই বিভাগের অন্য খবর

Back to top button