ফুটবল
প্রধান খবর

পিছিয়ে থেকেও মেসির জোড়া গোলে জিতলো ইন্টার মায়ামি

বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে শুরুর একাদশে ফিরেই নিজের জাদু এখনো অটুট থাকার প্রমাণ দিলেন লিওনেল মেসি। এক গোল পিছিয়ে পড়া ইন্টার মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ৪-২ গোলের দারুণ জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার নৈপুণ্যে লিগস কাপের নতুন আসর শুরু করেছে ইন্টার মায়ামি।

মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ভালো ছিল না। ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইন্টার মায়ামিকে। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনাল খেলার পর ক্লাবে ফিরে এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। তার অনুপস্থিতিতে এমএলএসে ইন্টার মায়ামির দায়িত্ব সামলেছেন লুইস সুয়ারেজ। তবে ২০২৫ লিগস কাপের ফাইনালের পর পাওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি উরুগুইয়ান এই তারকা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবারও আলো ছড়ান নোয়া অ্যালেন। তার নিখুঁত পাস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া। সেই গোলেও অ্যাসিস্ট ছিল মেসির। এরপর অ্যালেনের আরেকটি পাস ধরে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কর্নার থেকে মিকায়েলের হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

মেসির দ্বিতীয় গোলটি ছিল লিগস কাপে তার ১৪তম গোল। এর মাধ্যমে ২০২৩ সালের পর টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন এলএএফসির ডেনিস বুয়াঙ্গাকে। এছাড়া লিগস কাপে ১২ ম্যাচে এটি ছিল মেসির পঞ্চম জোড়া গোলের কীর্তি।

দ্বিতীয়ার্ধে সার্জিওর দূরপাল্লার দুর্দান্ত গোলে ব্যবধান কিছুটা কমায় সান লুইস। পরে ভারী বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। বিরতির পর কয়েকটি সুযোগ তৈরি করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে ইন্টার মায়ামি।

বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া মেসি এবার ক্লাব ফুটবলেও দুর্দান্ত সূচনা করলেন। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার, প্রতিপক্ষ মন্টেরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button