ফুটবল
প্রধান খবর

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের, অস্ট্রেলিয়ায় আনচেলত্তির দল

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের নতুন প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়েরা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জড়ো হচ্ছেন। তবে লজিস্টিক জটিলতার কারণে পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে বুধবার।

গ্লোবো এস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) খেলোয়াড়দের পাঁচ দিনে ধাপে ধাপে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করেছে।

পূর্ণাঙ্গ অনুশীলন শুরুর আগেই শনিবার ব্রিসবেনে পৌঁছেছেন গ্রেমিওর তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়েল মেনেগন। দলের অনুশীলন পূর্ণ করতে তাকে দলে ডাকা হয়েছে। একই দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ব্রাজিলের কোচিং স্টাফও।

সোমবার জাইর ও রাফিনহার ব্রিসবেনে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার দলে যোগ দেবেন আরও ১৭ জন-রায়ান, ভিতোর রেইস, দানিলো, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, পেদ্রো মোরাইশ, আন্দ্রে সান্তোস, মারকিনিওস, এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, বিদন, দগলাস লুইজ, হুগো সুজা, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, পেদ্রো ও সামুয়েল লিনো।

সবশেষে বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ওতাভিও, আর্তুর দিয়াস ও ভান্দেরসন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে আনচেলত্তি সর্বোচ্চ দুটি অনুশীলন সেশন পরিচালনার সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ

ব্রাজিল ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার ব্রাজিল সময় সকাল ৭টায়, টাউনসভিলে। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবার মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া সফর শেষে ব্রাজিলের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button