
গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতে ড্র করেছিল ব্রাজিল। তিন দিন পর আজ মঙ্গলবার আবারও সেই সকারুদের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনার আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
টুর্নামেন্টের পর দল নতুন করে সাজানোর পরিকল্পনায় একাধিক খেলোয়াড়কে যাচাই করে দেখতে চান আনচেলত্তি। চোটের কারণে দলে নেই ডানপ্রান্তের ডিফেন্ডার ওয়েসলি। তাঁর বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে মোনাকোর ভান্দেরসনকে। ডান প্রান্তে তাঁরই শুরুর একাদশে খেলার কথা রয়েছে।
দলের সামর্থ্য যাচাই করতে আরও কিছু পরিবর্তন আনতে পারেন ব্রাজিলের কোচ। আগের ম্যাচে যোগ করা সময়ে নাটকীয় সমতাসূচক গোল করা রায়ানেরও শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঝমাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে সান্তোস ফিরতে পারেন দানিলোর জায়গায়। ব্রুনো গিমারেশের সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধতে পারেন তিনি।
তবে পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও দলের বড় তারকাদের ওপরই ভরসা রাখবে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া দুজনেরই শুরুর একাদশে থাকার কথা। স্ট্রাইকার এনদ্রিকের পেছনে সৃজনশীল ভূমিকায় খেলতে পারেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার জমাট ও নিচু রক্ষণ ভাঙার দায়িত্বও থাকবে তাঁর ওপর।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
সুজা;
রক্ষণ: ভান্দেরসন, মারকিনিওস, গাব্রিয়েল, দে সান্তোস;
মাঝমাঠ: ব্রুনো গিমারেশ, আন্দ্রে সান্তোস;
আক্রমণ: রায়ান, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র;
স্ট্রাইকার: এনদ্রিক।



