খেলাধুলাফুটবল

হারলেও লড়াইটা করেছে চোখে চোখ রেখে বাংলাদেশ

এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা তুর্কেমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের। হারলেও লড়াইটা করেছে চোখে চোখ রেখে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ ম্যাচের ৭ মিনিটের মাথায় গোল হজম করেই তার পাঁচ মিনিট পর গোল পরিশোধ করে বাংলাদেশ। এ ম্যাচে আরও দুইবার বাংলাদেশ ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু গোল বের করতে পারেনি। বল পজিশনে এগিয়ে থেকে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে আক্রমন তৈরি করে। সাজ্জাদ হোসেন সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো জামাল ভূঁইয়ার দল।

প্রথমার্ধের শুরুতে যেমন তুর্কমেনিস্তানকে দেখা গিয়েছিল আগ্রাসি ফুটবল খেলতে। দ্বিতীয়ার্ধেও তাই। ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রন থেকে ছিনিয়ে নিয়েছিল তারা। বল পজিশনেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে মধ্য এশিয়ার দেশটি। ৫৪ ধাপ এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত এগিয়ে গিয়েছে বাংলাদেশর রক্ষণভাগের দূর্বলতায়। ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আমানভ আরসালানের প্লেসিংয়ে দ্বিতীয়বার এগিয়ে যায় তুর্কমেনিস্তান।

খেলার দুই মিনিট বাকি থাকতে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। জামাল ভুঁইয়ার ফ্রিকিক থেকে টুটুল হোসেন বাদশা ফাঁকায় বল পেয়েও বল বাইরে পাঠিয়েছেন। এটি ছাড়াও বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় কথা, এ ম্যাচে বাংলাদেশ বুক চিতিয়ে খেলেছে। ফুটবলে ম্যাচ হারলেও লড়াইয়ের যে বিষয়টা থাকে, সেটা এই ম্যাচে দেখিয়েছে বাংলাদেশ। যদিও এই হারে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বিদায়ঘন্টা বেজে গেলো বাংলাদেশের। শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে।

এই বিভাগের অন্য খবর

Back to top button