তথ্য ও প্রযুক্তি
প্রধান খবর

ক্রিয়েটরদের আয় বাড়াতে এক্সে (সাবেক টুইটার) বড় পরিবর্তনের ইঙ্গিত, ইউটিউবকেও ছাড়িয়ে যেতে পারে পারিশ্রমিক

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুখবর দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। তাঁর নিয়ন্ত্রণাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এমনকি এই আয়ের পরিমাণ ইউটিউবের চেয়েও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাস্ক।

বুধবার (৩১ ডিসেম্বর) এক্সে দেওয়া এক প্রস্তাবে সাড়া দেন ইলন মাস্ক। ওই প্রস্তাবে বলা হয়েছিল, প্রচলিত প্ল্যাটফর্মগুলো থেকে ক্রিয়েটরদের আকৃষ্ট করতে এক্সের উচিত আরও বেশি আর্থিক প্রণোদনা দেওয়া। প্রস্তাবটির জবাবে মাস্ক লেখেন, ‘ঠিক আছে, চলুন এটা করি।’

স্বচ্ছ মানিটাইজেশনেই বাড়বে আয়

মাস্ক জানান, সঠিক নিয়ম ও স্বচ্ছ মানিটাইজেশন ব্যবস্থা কার্যকর করা গেলে ক্রিয়েটরদের পেমেন্ট অনেকটাই বাড়ানো সম্ভব। এ বিষয়ে তিনি এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘সিস্টেমে কোনো ধরনের গেমিং বা প্রতারণা যেন কঠোরভাবে দমন করা হয়।’

৯৯ শতাংশ প্রতারণা ঠেকানোর দাবি

মাস্কের উদ্বেগের জবাবে নিকিতা বিয়ের জানান, এ বিষয়ে সমাধান ইতোমধ্যেই প্রস্তুতির পথে। তিনি লেখেন, ‘কাজ চলছে। এক্স টিম এমন একটি নতুন পদ্ধতি তৈরি করেছে, যা ৯৯ শতাংশ প্রতারণা দূর করতে পারবে।’ তাঁর দাবি অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় কেবল প্রকৃত ও উচ্চমানের এনগেজমেন্টই আর্থিকভাবে পুরস্কৃত হবে।

প্রকৃত ভিউ ও আসল দর্শকের ওপর ভিত্তি করে আয়

মাস্ক স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র প্রকৃত ভিউ, আসল দর্শক এবং উচ্চমানের কনটেন্টের ভিত্তিতেই ক্রিয়েটরদের আয় নির্ধারিত হবে। এই শর্ত পূরণ করা গেলে এক্সে কনটেন্ট নির্মাতাদের আয় ইউটিউবের তুলনায় বেশি হতে পারে বলেও দাবি করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক্স একটি আরও আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এখন দেখার বিষয়, কবে এবং কীভাবে এক্স এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button