বাংলাদেশ
প্রধান খবর

জাতিসংঘ ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরাও এতে অংশ নেন। জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে এ প্রাতরাশ অনুষ্ঠিত হয়।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এরপর সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি জাতিসংঘে তার প্রথম ভাষণ হবে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে নিউইয়র্ক সফর করছেন।

জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button