এখন ভাড়া ছাড়াও বাসা দিতে চায়: বাসা ভাড়া নিয়ে পুরোনো অভিজ্ঞতা স্মরণ করে মন্তব্য নুরের

নুরুল হক নুর বলেছেন, আগে রাজনীতিতে যুক্ত থাকার কারণে বাসা ভাড়া পেতে সমস্যায় পড়তেন, আর এখন নাকি অনেকেই ভাড়া ছাড়াই বাসা দিতে চান-যা সমাজের বাস্তবতার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।
শনিবার (১৪ মার্চ) নিজের ফেসবুক ওয়ালে ২০২৩ সালের একই দিনের একটি পুরোনো পোস্ট শেয়ার করে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ-এর সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরোনো পোস্টে নুর লিখেছিলেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে যুক্ত থাকার পরও একটি বাসা ভাড়া নিতে গিয়ে তাকে প্রায়ই শুনতে হয়েছে-
“আপনাকে পছন্দ করি, আপনি সাহসী। কিন্তু আমরা নিরিবিলি থাকি, আপনাকে বাসা ভাড়া দিয়ে ঝামেলায় পড়তে চাই না।”
তিনি তখন আক্ষেপ করে বলেছিলেন, শুধু তিনি নন, রাজনীতিতে সক্রিয় থাকার কারণে অনেকেই বাসা ভাড়া নিতে গিয়ে এমন সমস্যার মুখে পড়েন।
নুর প্রশ্ন তুলেছিলেন, ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হওয়া কি অপরাধ? তিনি বলেন, সমাজে রাজনৈতিক সচেতনতা না বাড়লে ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে এবং দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরাই রাজনীতিতে প্রভাব বিস্তার করবে।
তিনি আরও উল্লেখ করেছিলেন, সমাজে নিরাপত্তাহীনতা, শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি, জমি ও ব্যবসা দখল, এবং মিথ্যা মামলার মতো নানা সমস্যার কারণে সাধারণ মানুষ ভীত ও উদ্বিগ্ন।
সবশেষে তিনি মানুষের মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, স্বার্থপরতা পরিহার করে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। তার মতে, দেশ ভালো থাকলে এবং সুশাসন থাকলে সবাই ভালো থাকবে।
সূত্র; বার্তা বাজার



