
৫ আগস্টের আগে-পরে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেছেন, পুলিশসহ অনেক মানুষ মারা গেছে এবং আইন অনুযায়ী প্রতিটি ঘটনার বিচার হবে।
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “পুলিশসহ অনেক লোক মারা গেছে। আইন অনুযায়ী প্রত্যেকটি ঘটনার যা হওয়ার তাই হবে।”
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় নেমে অবরোধ করে, এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।”
দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি এবং বিদেশে অর্থ পাচারের কারণে ব্যাংক খাতেও সংকট তৈরি হয়েছে। এর ফলে অনেক তরুণ মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
মাদকবিরোধী অবস্থান সম্পর্কে আইজিপি বলেন, পুলিশের অবস্থান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জ্বালানি তেলের সংকটের সুযোগে কালোবাজারির প্রসঙ্গে তিনি বলেন, দু-একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এ ক্ষেত্রে নৈতিকতা উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও জানান, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরকে স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ চলছে।
অন্যদিকে, জামিন পাওয়ার পর আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া চিঠি প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, তদন্তাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
সূত্র: সময় টিভি



