বাংলাদেশ
প্রধান খবর

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস

জাতীয় সংসদের বুধবার সকালের অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬’সহ মোট পাঁচটি বিল পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬’ পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে সেই সিদ্ধান্ত কার্যকর ছিল।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি অধ্যাদেশটি পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে আইন হিসেবে পাসের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উত্থাপন ও পাস করা হয়।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানান। তিনি বলেন, “আমরা মাত্র দুই থেকে তিন মিনিট আগে বিলটি হাতে পেয়েছি। এটি বিস্তারিত বোঝার জন্য সময় দেওয়া উচিত।”

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিলটি পাসের চূড়ান্ত পর্যায়ে এসে নতুন করে আপত্তি বা সংশোধনী দেওয়ার সুযোগ নেই। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিলটি পাসের প্রক্রিয়া এগিয়ে নিতে বলেন।

বিলের যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গণহত্যার জন্য দায়ী সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতেই আইনটি সংশোধন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ও এনসিপি রাজপথে আন্দোলনের মাধ্যমে এ বিষয়ে জনমত তৈরি করেছিল। এই আইনের মাধ্যমেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

বিরোধী দলের আপত্তির বিষয়ে তিনি বলেন, কোনো পক্ষের আপত্তি থাকলে তা সংশোধনী প্রক্রিয়ার প্রথম বা দ্বিতীয় ধাপেই জানানো উচিত ছিল।

এ ছাড়া অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সরকারি অডিট বিল ২০২৬’ পাসের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধন) বিল ২০২৬’ পেশ করলে সেটিও সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুটি বিল পেশ করেন। বিল দুটি হলো-‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’। সংসদ সদস্যরা এই দুটি বিলও কণ্ঠভোটে পাস করেন।

সূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button