বাংলাদেশ
প্রধান খবর

জুলাই থেকে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ইংরেজি প্রশিক্ষণ পাবেন সব শিক্ষক

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনায়

এদিকে, বরগুনা-2 আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, সমুদ্রসম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করে সুনীল অর্থনীতির বিকাশের বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ২০০৫ সালে প্রণীত ‘উপকূলীয় অঞ্চল নীতি’কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। বর্তমানে Maritime Spatial Planning (MSP) কার্যক্রমসহ সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরেই উপকূল বিষয়ক একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।

তথ্যসূত্র: সময় ইউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button