বাংলাদেশ
প্রধান খবর

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এর অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে এবং শিশু-কিশোররা এসব মাধ্যমের মারাত্মক অপব্যবহার করছে।

নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা, আসক্তি, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মানসিক ও নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এছাড়া অনলাইন গেম ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় ঘটছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এই অপব্যবহার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button