বাংলাদেশ
প্রধান খবর

রাজশাহীতে কোন আম কবে বাজারে আসবে, প্রকাশ হলো ম্যাংগো ক্যালেন্ডার

রাজশাহীর বিখ্যাত ও সুস্বাদু আম বাগান থেকে পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও ঘোষণা করা হয়েছে ‘ম্যাংগো ক্যালেন্ডার’। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি জাতের আম নামানোর মাধ্যমে শুরু হচ্ছে এবারের আমের মৌসুম।

রোববার (১০ মে) জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী-

  • ১৫ মে থেকে গুটি জাতের আম
  • ২২ মে থেকে গোপালভোগ আম
  • ২৫ মে থেকে লক্ষণভোগ আম (লখনা) ও রানিপছন্দ আম
  • ৩০ মে থেকে হিমসাগর আম (ক্ষীরশাপাত)
  • ১০ জুন থেকে ল্যাংড়া আম ও ব্যানানা ম্যাংগো
  • ১৫ জুন থেকে ফজলি আম ও আম্রপালি আম
  • ৫ জুলাই থেকে বারি আম-৪
  • ১০ জুলাই থেকে আশ্বিনা
  • ১৫ জুলাই থেকে গৌড়মতি আম বাজারে আসবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই গাছ থেকে আম নামানো যাবে না।

তিনি বলেন, “বাজারে অপরিপক্ব ও অনিরাপদ আম রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে আগে আম নামায় বা কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহীর বড় বড় আমের হাটগুলো তদারকির জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বাগানমালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ১৫ মে থেকে আম নামানো শুরু হলেও উন্নত জাতের সুস্বাদু ও পরিপক্ব আম বাজারে পেতে আরও অন্তত ২০ দিন অপেক্ষা করতে হতে পারে। তাদের মতে, এবার গাছে আমের ফলন তুলনামূলক কম হওয়ায় দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর তথ্যমতে, চলতি বছর রাজশাহীতে ১৯ হাজার ১৮৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button