
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে- ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি। হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেওয়ার ভাষা হিসেবে এখন এটি ব্যবহার করছেন অসংখ্য নেটিজেন।
ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই মূলত ছড়িয়ে পড়ে এই ডায়লগ। ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক যুবকের ভাগ্য গণনা করছেন এক ব্যক্তি। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন- “রাগ করলা?”।
তার বলার ভঙ্গি, চোখের ইশারা এবং একই সংলাপ বারবার ব্যবহার করার ধরন দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে। এরপর থেকেই বিভিন্ন মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় সংলাপটি।
নেটিজেনরা নানা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সংলাপটি ব্যবহার করছেন। শুধু সাধারণ মানুষই নন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই ডায়লগ দিয়ে ভিডিও তৈরি করছেন।
তবে ভাইরাল হওয়ার পর অনেকের মনে প্রশ্ন ওঠে- ভিডিওর ব্যক্তি কি সত্যিই কোনো কবিরাজ?
খোঁজ নিয়ে জানা যায়, তিনি আসলে কোনো কবিরাজ নন; তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী।
প্রায় ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন তিনি। এরপর থেকেই গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
ঈমান আলী জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরে সেই আগ্রহই পেশায় পরিণত হয়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।
বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেন তিনি।
সম্প্রতি একটি ইউটিউব কনটেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বিশেষ বাচনভঙ্গি ও “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?” সংলাপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, ছোট, সহজে অনুকরণযোগ্য এবং মজার সংলাপ খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ডায়লগটিও ঠিক তেমনভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।
ভাইরাল হওয়া প্রসঙ্গে ঈমান আলী বলেন, “আমি পেশাদার কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”
তথ্যসূত্র: সময় নিউজ
