বাংলাদেশ
প্রধান খবর

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্নি

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুননাহার নিম্নি। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন তিনি।

আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সফলভাবে এভারেস্টের শীর্ষে পৌঁছান নুরুননাহার নিম্নি। অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান এইটকে এক্সপেডিশনসের পক্ষ থেকে অ্যাং তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে গত সোমবার ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন নিম্নি। ওই রাত তিনি ৭ হাজার ২০০ মিটার উচ্চতায় ক্যাম্প-৩-এ অবস্থান করেন।

গতকাল ভোরে সেখান থেকে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৪-এ পৌঁছান। এরপর প্রয়োজনীয় বিশ্রাম শেষে সন্ধ্যায় শুরু হয় তার চূড়ান্ত সামিট পুশ।

সারারাত প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে আজ ভোরে এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেন নুরুননাহার নিম্নি। এ সময় তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

এর আগে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এই অভিযাত্রী।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব জানিয়েছে, নিম্নির এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে এভারেস্টের চূড়ায় ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়ালেন।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button