
দেশে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও টিকাদান ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে ব্যাপকভাবে রোগটি ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে।
বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ হয়ে যায়। পরে টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে টিকা সরবরাহে সংকট সৃষ্টি হয়, যার ফলে হাম সারা দেশে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “এ ঘটনায় যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। ভবিষ্যতে কোনো সরকার যেন কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে অবহেলা করতে না পারে, সেটিই আমরা নিশ্চিত করতে চাই।”
এর আগে গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে পাঁচটি চিঠিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, অর্থের অভাব নয়, বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই টিকা সংকট তৈরি হয়েছিল।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।
তথ্যসূত্র: সময় নিউজ