বাংলাদেশ
প্রধান খবর

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করলো আদালত

হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আবেদন খারিজের আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন।

মামলায় আসামি করা হয়েছিল সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২০ মে ইউনিসেফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে পাঁচটি চিঠিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, অর্থের অভাব নয়, বরং টিকা ক্রয়সংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছিল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button