
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাকে আটক করেছে বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে।
রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।
সূত্রটি আরও জানায়, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে গত ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার কয়েকটিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে এবং ইতোমধ্যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
তথ্যসূত্র: সময় নিউজ