বাংলাদেশ
প্রধান খবর

নিউইয়র্ক বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগ

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় তাঁকে ঘিরে ধরে কয়েকজনকে চিৎকার করে বিভিন্ন অভিযোগ তুলতে দেখা যায়।

ছবি: সংগৃহীত

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মুহাম্মদ ইউনূসের পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। পরে তাঁর হুইলচেয়ার ঘুরিয়ে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজনকে তাঁর পেছনে ছুটতে দেখা যায়।

ভিডিওতে এক ব্যক্তিকে মুহাম্মদ ইউনূসের উদ্দেশে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আপনি বাংলাদেশে হাজারো মানুষকে হত্যা করেছেন। আপনি সন্ত্রাসী! আপনি এখানে কেন এসেছেন? আপনি দুই লাখ মানুষকে গ্রেপ্তার করেছেন কেন? আপনি আমার দেশের হাজারো পুলিশকে হত্যা করেছেন। আপনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।’

এ ঘটনা নিয়ে নিউইয়র্কে বাংলাদেশের মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। ইউনূস সেন্টারের বক্তব্য জানারও চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ইউনূস

এদিকে, ১১ থেকে ১৩ অক্টোবর জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।

সম্মেলনে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠন আপত্তি জানানোর পর এ সিদ্ধান্তের কথা জানা যায়।

সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই আগে জানানো হয়েছিল। তবে সম্মেলনের ঠিক আগে বক্তাদের তালিকায় তাঁর নাম আর দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের পক্ষে আনা স্টোরমার এক ইমেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বিডি নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button