
ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন দাম বুধবার দিনগত মধ্যরাত (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে, যা ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দামের চেয়ে চার টাকা কম।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জানুয়ারি মাসের জন্য এই দাম কমানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।
তথ্যসূত্র: বণিক বার্তা



