বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ৬৬ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ব্যবসায়িক লেনদেনের ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো: সুজন আলী (৪৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর কাওয়াক গ্রামের আব্দুল করিম খানের ছেলে। তিনি শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। বর্তমানে সিরাজগঞ্জ শহরের থানাপাড়া মিলন মোড় এলাকায় বসবাস করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া সদর থানায় দায়ের করা প্রতারণার মামলায় সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে সুজন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বগুড়ায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের দুটি মামলায় এক বছর করে কারাদণ্ড এবং আরও দুটি মামলায় ৮৬ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া শহরের ফতেহ আলী বাজারের মেসার্স রংপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান অপুর সঙ্গে সুজন আলীর সরল বিশ্বাসে বাকিতে মসলার ব্যবসা শুরু হয়। ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ১৭ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুজন আলীকে মোট ৪ কোটি ৫ লাখ ৩ হাজার ৫০০ টাকার মসলা সরবরাহ করা হয়।

বগুড়ার মালগুদাম লেন ও বাদুরতলা এলাকার নিউ বগুড়া ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে এসব মসলা পাঠানো হয়। ঢাকার ইমামগঞ্জ এলাকার ট্রান্সপোর্ট শাখা থেকে সুজন আলীর ভাই ও মামলার অপর আসামি মো. সুমন আলী এসব পণ্য গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, বিপুল পরিমাণ মসলা সরবরাহের পর ব্যবসায়িক লেনদেনের ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা বকেয়া থেকে যায়। ওই টাকা পরিশোধ না করে আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগে সুজন আলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুজন আলীর বিরুদ্ধে আগের মামলাগুলোর দণ্ড ও অর্থদণ্ডের আদেশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button