
মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিকেল হঠাৎ করে একদল লোক বিটিআরসি ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের সরিয়ে দেয়।
তিনি আরও জানান, হামলায় বিটিআরসি ভবনের বেশ কয়েকটি কাচ ভেঙে গেছে। প্রাথমিকভাবে চিহ্নিত হামলাকারীরা মোবাইল ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকেই দেশে এনইআইআর কার্যক্রম চালু করেছে বিটিআরসি। এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট বন্ধ, চুরি হওয়া ফোন শনাক্ত এবং মোবাইল বাজারে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু মোবাইল ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বণিক বার্তা



