করোনায় মৃত্যু কমেছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৭১৭ জন।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) করোনায় দেশে মৃত্যু হয় ১৩৯ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪০ জনের। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।