
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের থেকে ৪ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত হানিফ উদ্দিনের ছেলে মোঃ মিনার রহমান (৩৩)। তিনি বর্তমানে কাটনারপাড়ার হাটুমিয়া লেনের কহিনুর টাওয়ারের ৪০১ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন।
অপর গ্রেফতারকৃত ওই একই এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে মোঃ মিশু হোসেন প্রান্ত (২৬)। এবং তিনিও একই ভবনের ৪০১ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন।
এছাড়াও মধ্য বৃন্দাবনপাড়া মোঃ সেকান্দার আলীর ছেলে মোঃ রাফিউল ইসলাম (২৯) গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত তিনজনই বগুড়া মহানগর এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



