সারাদেশ
প্রধান খবর

মহাসড়কে ডিপো ট্রাক থেকে তেল চুরি করে বিক্রির ভিডিও ভাইরাল

দেশে পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট না কাটতেই ডিপোর ট্রাক থেকে তেল চুরি করে বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুক-এ ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা-ট-০-০০০৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি তেলবাহী ডিপো ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে আছে। ট্রাকের ওপর দাঁড়িয়ে একজন বালতি দিয়ে একের পর এক তেল নামাচ্ছেন। নিচে থাকা আরেকজন সেই তেল নিয়ে পাশের একটি দোকানে নিয়ে যাচ্ছেন। কয়েক বালতি তেল নেওয়ার পর ফেরত দেওয়া বালতিতে পানির মতো দেখতে একটি তরল পদার্থ ট্রাকে ঢালতেও দেখা যায়।

জানা গেছে, ঘটনাটি মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়ক-এর যশোর সদর উপজেলা-র সাতমাইল এলাকায় ঘটেছে।

প্রথমে ঘটনাটি মোবাইলে ধারণ করেন কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লা। পরে তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে তা বুধবার থেকে ভাইরাল হয়ে যায়।

আরিফ মোল্লা জানান, খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে চালক ও সহকারীরা মাঝপথে তেল চুরি করে বিক্রি করেন-এমন অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে অবস্থান নেন। গাড়িটি সেখানে পৌঁছালে চালক ও সহকারীদের বালতিতে করে তেল নামিয়ে বিক্রি করতে দেখা যায়।

তিনি আরও বলেন, শুধু ওই দিনই নয়-নিয়মিতভাবেই যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিন থেকে চারটি স্থানে তেল চুরি করে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে তেল নামানো হয়েছে সেটি হৈবতপুর ইউনিয়ন-এর সাতমাইল এলাকা। ইউনিয়নের ইউপি সদস্য আহম্মদ আলী জানান, মহাসড়কের পাশের একটি দোকানে দীর্ঘদিন ধরে গাড়িচালক ও হেলপারদের যোগসাজশে চোরাই তেল কেনাবেচা হয়ে আসছে। দোকানটির মালিকের নাম আলী হোসেন।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, অবৈধভাবে তেল চুরির ভিডিওটি তিনি দেখেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দোকান মালিক আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button