সারাদেশ
প্রধান খবর

যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট, উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ

অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলাচল করছে, আবার কোথাও দীর্ঘ সময় থেমে থাকতে হচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।

দীর্ঘ যানজটে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি বেশি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় অনেক যাত্রীকে দুর্ভোগের মধ্যেই যাত্রা চালিয়ে যেতে হচ্ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, রাতে বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি।

অন্যদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে বর্তমানে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button