ক্রিকেট
প্রধান খবর

টেস্টে এক ইনিংসে ৮ ডিসমিসাল, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন তাঁর হাতে। এর মধ্যে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং।

মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছক্কা মেরে যেন বড় শট খেলার নেশায় মেতে উঠেছিলেন কাগিসো রাবাদা। দ্বিতীয় ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখাও পেয়ে যান তিনি। পরের বলেও বড় শট খেলতে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন রাবাদা। তবে এবার আর সফল হননি। বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। রাবাদাকে স্টাম্পড করেন তিনি।

এই স্টাম্পিংয়ের মধ্য দিয়েই টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল। পাঁচজন উইকেটকিপার এত দিন যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন। তাঁদের ছাড়িয়ে এবার এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন।

টেস্টে প্রথমবার এক ইনিংসে সাতটি ডিসমিসালের কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে এই রেকর্ড গড়েন তিনি। পরে তাঁর পাশে নাম লেখান ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

আজ মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে আগের রেকর্ডে ভাগ বসান লিটন। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম উইকেট। এর আগে ছয়টি ক্যাচও নিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে শুধু মার্কার অ্যাকারম্যানের আউটের সঙ্গে লিটনের কোনো সম্পৃক্ততা ছিল না। হাসান মাহমুদের বলে তাঁর ক্যাচ নিয়েছিলেন তাসকিন আহমেদ। বাকি সব ব্যাটসম্যানের ইনিংসের সমাপ্তি ঘটেছে লিটনের হাতে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button