
রাজধানী ঢাকায় চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) বনানীর নতুন বিমানবন্দর সড়কে পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।
ঘটনার পর দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসটির ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে পিংক বাস সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।
ঢাকায় চলাচলকারী ১০টি পিংক বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

