
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬
সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি কি কোনো রাজনৈতিক দলের কর্মীকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন? বগুড়ায় স্কুলশিক্ষার্থী মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনের সময় সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন মহানগর যুবদলের সভাপতিকে অভিযুক্ত এক ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার কথা জানান। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
প্রশ্ন উঠেছে, সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তিনি এমন নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার রাখেন কি না। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯এর সংশোধিত বিধান পর্যালোচনায় দেখা যায়, প্রশাসক মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করলেও রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তাঁর পদসংশ্লিষ্ট দায়িত্বের মধ্যে নেই।
আইনে কী বলা আছে?
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ক ধারা ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। এই ধারার অধীনে বিশেষ পরিস্থিতিতে বা জনস্বার্থে সরকার কোনো সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিতে পারে।
ধারাটির ৩ উপধারায় বলা হয়েছে, সরকার নিযুক্ত প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ প্রশাসকের দায়িত্বের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা, নগর অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা এবং করপোরেশনের আইনগত দায়িত্ব পালন।
তবে এই ধারায় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বহিষ্কার করার নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রশাসককে দেওয়া হয়নি।
দলীয় কর্মীকে বহিষ্কারের এখতিয়ার কার?
রাজনৈতিক দল নিজস্ব গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, অপরাধে সম্পৃক্ততা কিংবা দলীয় নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট দলের গঠনতন্ত্রে নির্ধারিত কর্তৃপক্ষ ও প্রক্রিয়া অনুসরণ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা।
সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার কারণে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার স্বতন্ত্র ক্ষমতা পান না। ফলে প্রশাসক হিসেবে কাউকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার আইনি ভিত্তি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এ পাওয়া যায় না।
তবে কোনো ব্যক্তি একই সঙ্গে রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্বেও থাকলে তাঁর সেই দলের গঠনতন্ত্র অনুযায়ী আলাদা ক্ষমতা থাকতে পারে। সেটি প্রশাসক হিসেবে পাওয়া ক্ষমতা নয়।
অপরাধ করলে প্রশাসকের করণীয় কী?
কোনো রাজনৈতিক দলের কর্মী বা সাধারণ নাগরিক সিটি করপোরেশনের সম্পত্তি দখল, নাগরিক সেবার কাজে বাধা কিংবা অন্য কোনো অপরাধে জড়িত হলে প্রশাসক সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারেন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে পারেন এবং অপরাধের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে পারেন।
তবে প্রশাসক পদে থাকলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জরিমানা করার ক্ষমতা পান না। মোবাইল কোর্ট আইন, ২০০৯এর ৫ ধারা অনুযায়ী সরকার বা জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে নির্দিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এ ক্ষমতা অর্পণ করতে হয়।
বগুড়ায় কেন এমন প্রশ্ন উঠল?
বগুড়ায় স্কুলশিক্ষার্থী মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের পর সিটি প্রশাসকের দেওয়া বক্তব্য থেকেই এ প্রশ্নের সূত্রপাত।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া মহানগরের খান্দার এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয় গালিব। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে মহানগরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মো. মাহবুর রহমানের ছেলে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন স্থানীয় মিশু (২১) নামের এক যুবক। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তাঁর বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন বলে পুলিশের বক্তব্যে উঠে এসেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সড়ক অবরোধে গিয়ে কী বলেছিলেন প্রশাসক?
গালিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল ২২ নভেম্বর রোববার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও সচেতন শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। প্রায় পৌনে দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে শুনেছেন। এ বিষয়ে মহানগর যুবদলের সভাপতিকে ওই ব্যক্তিকে সেদিনই দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসিও দাবি করেন তিনি।
এ বক্তব্যের পর বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সিটি প্রশাসকের বরাত দিয়ে অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার খবর প্রকাশিত হয়।
বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা
ঘটনার পর বগুড়া লাইভের পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর যুবদলের সভাপতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ফলে প্রশাসকের নির্দেশের পর সংশ্লিষ্ট রাজনৈতিক দল কী সিদ্ধান্ত নিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং প্রশাসক হিসেবে দেওয়া নির্দেশের বিষয়ে তাঁর ব্যাখ্যা কী, তা নিশ্চিত হওয়া যায়নি।
আইনি প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ?
একজন সিটি প্রশাসকের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা নিশ্চিত করা। অন্যদিকে রাজনৈতিক দলের সদস্যপদ, পদ-পদবি ও বহিষ্কারের বিষয়টি সংশ্লিষ্ট দলের নিজস্ব গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামোর অধীন।
সুতরাং গালিব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো এবং কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া এক বিষয় নয়। প্রথমটি আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ার অংশ, দ্বিতীয়টি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়।
বগুড়ার এই ঘটনা সেই দুই ধরনের দায়িত্ব ও ক্ষমতার সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।



