সারাদেশ
প্রধান খবর

তাহসিফের মৃত্যু: হত্যা মামলা দায়ের ও বন্ধু দীপ গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি দায়ের করেন তিনি।

এদিকে, এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল ঠিক করার পর একসঙ্গে খাবার খেয়ে দুজন আলাদা হয়ে যান।

তবে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রাতে পিবিআই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের আগেই নৌ পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি পিবিআইও ছায়া তদন্তে নামে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button