নিউমার্কেটে সংঘর্ষে আহত নাহিদ মারা গেলেন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাহিদ (১৭) নামে এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন আইসিইউর কর্তব্যরত ডা. তৌফিক এলাহী।
নাহিদের বাবা নাদিম হোসেন জানান, তার বাড়ি কামরাঙ্গীরচর দেওয়ানবাড়ী এলাকায়। এ্যালিফেন্ট রোডের বাটা সিগনালে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করতো নাহিদ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে কাজে যায় সে। এরপর দুপুর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বিকেলে ফেসবুকের মাধ্যমে তার আহত হওয়ার ছবি দেখতে পান তারা। এরপরে তাকে হাসপাতালের বিছানায় খুঁজে পাওয়া যায়।
তিনি আরো জানান, নাহিদ ৬ মাস আগে বিয়ে করেছে। তার স্ত্রীর নাম ডালিয়া। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল সে।



