এখনো থমথমে অবস্থা নিউমার্কেট এলাকায়, বন্ধ দোকানপাট

এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যায়। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউমার্কেট এলাকায়।
বুধবার সকালে নিউমার্কেট এলাকায় দেখা যায়, ঢাকা কলেজ এবং নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ এবং নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা এবং ব্যক্তিগত গাড়ি চললেও এ রাস্তায় বাস একেবারেই চলছে না।
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।



