নিউমার্কেটে খুলেছে দোকানপাট

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউমার্কেটের বেশিরভাগ দোকানপাট।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, ভোরে দোকান খোলার সিদ্ধান্ত আসার পরই সকালে অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন।
২০ এপ্রিল দিনগত রাতে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মার্কেট খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সকাল থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব ও সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত উভয় রাস্তায়ই যান চলাচল করছে।
পরিস্থিতি স্বাভাবিক হলেও রাস্তার দুপাশেই যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে রাখা হয়েছে সাঁজোয়া যান। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কথা বলেননি।
এদিকে নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষের সূত্রপাত শুরু হয়।
এসএ



