বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বরের বাবা নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, পারিবারিকভাবে শুক্রবার (৩ মার্চ) রাতে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে আলীর বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর আলী। বিয়েতে কনে বাড়িতে বরপক্ষের প্রায় ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম হওয়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কনেপক্ষের লোকজনের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা। এ সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। ইতোমধ্যে কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে।



