
অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গভীর রাতে বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে শাবরুল বাগিনা পাড়া গ্রামের মোঃ আতিকুর রহমান ওরফে আতিক (৩৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেফতার আতিকুর রহমানের পিতা মনসুর রহমান। তার বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে কোনো অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য অবহিত করা হয়েছে।



