বগুড়া জেলা
প্রধান খবর

রোজা আসতেই বগুড়ার বাজারে তরমুজ

দাম কি থাকবে সাধ্যের মধ্যে?

রমজান মাস ঘনিয়ে আসতেই বগুড়ার বাজারে দেখা মিলছে নতুন ফল তরমুজের। প্রতি বছরই ইফতারির টেবিলে তরমুজের চাহিদা থাকে শীর্ষে। সারাদিন রোজা রাখার পর এক টুকরো ঠান্ডা তরমুজ এনে দেয় আলাদা প্রশান্তি। ফলে রোজা এলেই এই ফলের দিকে ঝোঁক বাড়ে সাধারণ মানুষের।

তবে রোজার আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয় তরমুজের দাম নিয়ে আলোচনা ও শঙ্কা। বর্তমানে বগুড়ার বিভিন্ন বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা দরে।

বাজারের বিক্রেতারা বলছেন, আপাতত দাম তুলনামূলক কম থাকলেও শীতের কারণে ক্রেতার চাপ কম। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম বাড়ার সম্ভাবনা কম বলে আশা করছেন তারা।

এখন শীত থাকায় কাস্টমার কম। তবে সরবরাহ ভালো থাকলে আশা করছি এবার তরমুজের দাম কমই থাকবে।

ব্যবসায়ীদের মতে, এবার রমজান আসছে শীত মৌসুমেই। ফলে মৌসুমের শুরুতে বাজারে সরবরাহ থাকায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

অন্যদিকে ক্রেতারা দামের বিষয়ে আশাবাদী হলেও শঙ্কামুক্ত নন। তারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে সবাই এই নতুন বছরের ফল খেতে পারবে। আমরা দাম কম থাকার আশাই করছি। তবে আগের বছরগুলোতে রোজা আসতে আসতে ৮০-১০০ টাকায় উঠে গেছে। এটা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।

সাধারণ ক্রেতাদের আশঙ্কা, রোজা শুরু হলেই যেন তরমুজের দাম অযৌক্তিকভাবে না বাড়ে। তাদের মতে, উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়।

সব মিলিয়ে উৎপাদন, সরবরাহ এবং বাজার ব্যবস্থাপনার ওপরই নির্ভর করছে তরমুজের দাম। এখন দেখার বিষয়-রোজা যত ঘনিয়ে আসবে, ততই এই দামের গতি কোথায় গিয়ে দাঁড়ায়।

ক্রেতা ও বিক্রেতা উভয়েই মনে করছেন, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি জরুরি।

সিজান ইসলাম
বগুড়া লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button