
নিষিদ্ধ রং ব্যবহার করে নকল তাল মিসরি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর উপজেলায় একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে একটি প্রতিষ্ঠানকে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় বগুড়া সদর উপজেলার আটা পাড়ায় অবস্থিত “মেসার্স আবিদ ট্রেডার্স”-এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে-
- নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিসরি উৎপাদন,
- চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত,
- নকল মোড়কে তাল মিসরি মোড়কজাতকরণ,

এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ- এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় অনিরাপদ শিশুখাদ্য ও ক্ষতিকর উপকরণ বিধিমালা অনুযায়ী জব্দ করা খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



