আইন ও অপরাধবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ফুড ইন্সপেক্টর পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে আটক ১

বগুড়ার সদর উপজেলায় নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার অরদ্দিগোলা বাজারের একটি হোটেলে।

আটক মেহেদী হাসান সদর উপজেলার নড়ুলী এলাকার মনির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান রিকশাযোগে অরদ্দিগোলা বাজারে এসে শাহিন হোটেলের সামনে নামেন। এরপর হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

হোটেল মালিক শাহিন জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি প্রথমে ৫ হাজার টাকা দিতে চাইলে অভিযুক্ত আরও উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় স্থানীয় লোকজন তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভ্রান্তিকর ও অসংলগ্ন তথ্য দিতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মেহেদী হাসানকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button