
মোটরসাইকেল মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। অভিযানে একাধিক মোটরসাইকেল আটক ও বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এর ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আরও একটি অভিযান চালিয়ে ২১টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ১৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, শহরে অবৈধ হাইড্রোলিক হর্ন বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ডিবি পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে-
- গোহাইল রোডের তোহা মোটরস ৫০ হাজার টাকা
- মফিজ পাগলা মোড়ের মদিনা মোটরস – ৫০ হাজার টাকা
- মহিলা কলেজ রোডের এলাহী মোটরস – ৩০ হাজার টাকা
- সূচী মোটরস – ৩০ হাজার টাকা
মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উল্লেখিত দোকানগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ হাইড্রোলিক হর্ন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মডিফাই করা উচ্চ শব্দ সৃষ্টিকারী যানবাহন, হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।



