সোনাতলা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে সোনাতলা রেল স্টেশন-এর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাজেদা বেগম (৪০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হিয়াতপুর গ্রামের বাসিন্দা এবং স্বামী মোঃ হাসান আলী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সময় সাজেদা বেগমের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



