
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া শহরের এলজিডি ভবন এলাকায় ‘পাঁচ ভাই’নামের একটি আবাসিক হোটেল থেকে সবুজ আহমেদ মিরাজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম সিহাব নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে উপশহর ফাঁড়ির এসআই মোঃ সোহাগ ফকির ঘটনাস্থলে পৌঁছে হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহত সবুজ আহমেদ মিরাজ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা।
এসআই মোঃ সোহাগ ফকির জানান, রাত আনুমানিক ১০টার দিকে মিরাজ ও নওগাঁ জেলার বাসিন্দা রবিউল ইসলাম সিহাব একসঙ্গে ওই আবাসিক হোটেলে প্রবেশ করেন। পরে রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে সিহাব কক্ষ থেকে নিচে নেমে হোটেল ম্যানেজার ও প্রহরীকে ডাকেন। পরে ম্যানেজারসহ অন্যরা কক্ষে গিয়ে বাথরুমের ভেতর ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পান।
এ সময় হোটেল ম্যানেজার সিহাবকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই সোহাগ ফকির আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। আটক রবিউল ইসলাম সিহাবকে আদালতে পাঠানো হয়েছে।



